সরকার গঠিত মজুরি বোর্ডের নতুন বেতন কাঠামো ঘোষণার পর দ্বিতীয় দিনের মতো গাজীপুর শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা টিয়ারশেল (কাঁদানে গ্যাস), সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।
শ্রমিক আন্দোলনের জেরে আজ জেলার অন্তত ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আগে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত ৩২টি কারখানাও এখনো চালু হয়নি।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল থেকে নাওজোড়, ভোগড়া ও সালনা এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিলে বলপ্রয়োগ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করে।
মহানগর ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে একদল শ্রমিক মিছিল নিয়ে মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেয়। পরে শ্রমিকেরা ছয়দানা কলম্বিয়া এলাকায় জড়ো হলে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
এরপর বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বেরিয়ে আসেন। তাঁরা নাওজোড় উড়ালসড়কের নিচে এবং পূর্ব পাশে মহাসড়কে ময়লা-আবর্জনার স্তূপে আগুন ধরিয়ে দেন। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ থাকে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে মহানগর পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা শিল্প পুলিশের এক পরিদর্শককে অবরুদ্ধ করে রাখেন এবং তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করা হয়।
নাওজোড় এলাকার ব্যবসায়ী আকবর আলী জানান, শ্রমিকদের সঙ্গে বহিরাগত কিছু লোক যোগ দিয়ে পুলিশের ওপর হামলা ও সড়কে অগ্নিসংযোগ করেন।
এদিকে, শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে আজ বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় ডিবিএল সিরামিক কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরে বেলা পৌনে ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধে অংশ নেওয়া শ্রমিক নাজমুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমাদের কারখানা ছুটি ঘোষণা করা হলে সবাই মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলাম। এ সময় লাঠিসোঁটা নিয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজন আমাদের ওপর হামলা চালায়। এর প্রতিবাদে আমরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করি।”
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির জানান, নয়নপুর এলাকায় সড়ক অবরোধের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেছেন।
অন্যদিকে, শ্রমিক পরিচয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে নয়নপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় প্রায় আধা কিলোমিটার পথ প্রদক্ষিণ করে নাশকতাবিরোধী স্লোগান দেন।
শ্রমিক অসন্তোষ ও ভাঙচুরের আশঙ্কায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের অন্তত ৩০টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া সদর উপজেলার বাঘের বাজার, ভবানীপুর ও শ্রীপুরের বেশ কিছু কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পুরো শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে।
















